শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা ও এনআইসিইউ সুবিধার অভাবে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনা দেশের স্বাস্থ্যখাতের দুর্বলতা স্পষ্ট করছে।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে শিশুরা খুব সহজেই বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর একটি বড় কারণ হলো কৃত্রিম জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া। পাশাপাশি আধুনিক জীবনধারার কারণে অনেক শিশু পারিবারিক যত্ন থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক দুর্বলতা বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, অনেক শিশু ডে-কেয়ার বা অন্যের তত্ত্বাবধানে বড় হচ্ছে, ফলে তারা প্রয়োজনীয় যত্ন পাচ্ছে না। একই সঙ্গে পারিবারিক ও ধর্মীয় অনুশীলন কমে যাওয়ায় শিশুদের মানসিক ও আত্মিক দিকেও দুর্বলতা দেখা দিচ্ছে।
স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে এনআইসিইউ সুবিধা অত্যন্ত অপ্রতুল। ফলে সামান্য অসুস্থতাতেও অনেক রোগীকে ঢাকায় যেতে হয়, যা কষ্টকর ও উদ্বেগজনক।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া, প্রকৃতির সংস্পর্শে রাখা এবং প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা জরুরি। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া ও ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।
লগইন
শিশুদের হামে বাড়ছে ঝুঁকি, যা বললেন শায়খ আহমাদুল্লাহ | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!