চাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও নাটিকা মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ২৫ মার্চের কালো রাতে বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল।
চাঁদপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও নাটিকা মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে জাতি গভীর শোক ও ঘৃণার সঙ্গে স্মরণ করে। ১৯৭১ সালের এই রাতে পাকবাহিনী ঘুমন্ত বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
তিনি বলেন, সেই কালো রাতে বুদ্ধিজীবী, বীরসেনা, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, মুক্তিযোদ্ধারা তাদের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাই নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল হুদা বিজয়ের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা কাজী হাসেম ও সিরাজুল ইসলাম বরকন্দাজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও. হাবিবউল্লাহ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী বিশ্বজিৎ চন্দ্র দাস।
শেষে গণহত্যার প্রেক্ষাপটে নির্মিত “আর্তনাদ” নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন শরীফ চৌধুরী এবং পরিবেশনায় ছিল বর্ণচোরা নাট্যগোষ্ঠী।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!