শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক। গত মঙ্গলবার (২০শে অক্টোবর) বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভার পুরান বাজারের ১নং, ২নং এবং ৩নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি পূজারি, মণ্ডপ কমিটির কর্মকর্তাবৃন্দ এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তানিয়া ইশতিয়াক এর সঙ্গে ছিলেন তাঁর স্বামী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আশিক খান। বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক বলেন, “বাংলাদেশ চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা যেভাবে গভীর আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উদ্যাপন করি, ঠিক তেমনি আপনারাও আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূর্ণ আনন্দ, স্বাচ্ছন্দ্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের মূল চালিকাশক্তি।
সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব সম্পূর্ণ নির্বিঘ্নে, নিরাপদ ও সুন্দর পরিবেশে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ও প্রগতিশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের এই মেলবন্ধনকে নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।” পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তরা তানিয়া ইশতিয়াক ও আশিক খানের এই আগমনকে সাধুবাদ জানান এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!