BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আমান উল্যা আমান, ফরিদগঞ্জ (চাঁদপুর):উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঘোষিত ‘জীবনবান্ধব’ বাজেটের সুফল সরাসরি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী।রোববার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রোববার দুপুরে সপরিবারে নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী। এরপর তিনি শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব সালেহ শিবলী সরকারের বিভিন্ন দূরদর্শী ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ করতে প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১ বেডে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অর্থনৈতিক দূরদর্শিতার অংশ হিসেবে নতুন বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর কোনো অতিরিক্ত শুল্ক বা কর আরোপ করা হয়নি।