BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে টানানো হয়েছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খাতে, বিশেষ করে পণ্যবাহী ট্রাক,বাস, মোটরসাইকেল ও অন্যান্য পরিবহন চালকরা পড়েছেন চরম বিপাকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে স্থবির হয়ে পড়েছে উপজেলা সরবরাহ ব্যবস্থা।সরেজমিনে দেখা গেছে, রায়পুর উপজেলার প্রায় সবকটি পেট্রোল পাম্প এখন জ্বালানি শূন্য। শহরের নামী-দামি পাম্প যেমন—মেসার্স আলহাজ্ব হাজি আলি আকবর ফিলিং স্টেশন ,মতিন ট্রেডার্স ফিলিং স্টেশন ,রৌশন আরা ফিলিং স্টেশনে কোনো তেল পাওয়া যাচ্ছে না।তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা বাস ড্রাইভার ইসমাইল তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “পাম্পে পাম্পে ঘুরছি কিন্তু কোথাও ডিজেল নেই। কখন তেল আসবে, আদৌ আসবে কি না—তা কেউ বলতে পারছে না। আমাদের চাকা ঘুরলে পেট চলে, কিন্তু তেলের অভাবে এখন রাস্তায় বসে থাকা ছাড়া উপায় নেই। এতে করে আমাদের আয় যেমন বন্ধ হচ্ছে, তেমনি সময়মতো মালামাল পৌঁছাতে না পারায় ব্যবসা-বাণিজ্য ও পুরো সাপ্লাই চেইন বড় ক্ষতির মুখে পড়ছে।”মিলন হোসেন নামে আরেক চালক তিনি আক্ষেপ করে বলেন, “বাজারে তেল নেই, গন্তব্যে পৌঁছাব কীভাবে? প্রতিদিন মাইলের পর মাইল ঘুরেও তেল মিলছে না।”এদিকে মোটরসাইকেল চালকদের অবস্থাও শোচনীয়। মাহমুদ নামের এক চালক জানান, তিনি ৫ কিলোমিটার পথ হেঁটে রায়পুর হাজী আলী আকবর পাম্পে এসে দীর্ঘ অপেক্ষার পর মাত্র ২০০ টাকার তেল পেয়েছেন। অনেকের কপালে তাও জুটছে না।